প্রকাশিত: Sun, Jul 30, 2023 5:49 PM
আপডেট: Thu, Jun 4, 2026 6:29 PM

[১]চট্টগ্রাম-১০ উপনির্বাচনে নৌকার মহিউদ্দিন বাচ্চু জয়ী

নাহিদ হাসান: [২] চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। নৌকা প্রতীক নিয়ে তিনি ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। সূত্র: ডিবিসি, আরটিভি

[৩] রোববার রাতে মোট ১৫৬ কেন্দ্রের ভোট গণনা শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। এর আগে সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট গণনা শেষে মহিউদ্দিন বাচ্চুকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সূত্র: বাংলা ট্রিবিউন

[৪] উপনির্বাচনে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে ৩৬৯, মোহাম্মদ আরমান আলী বেলুন প্রতীকে ৪৮০, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে এক হাজার ২৩০ ও গণমুক্তি জোটের রশিদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট।

[৫] রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগের বেশি পেতে হতো অন্য প্রার্থীদের। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। ফলে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

[৬] চট্টগ্রামে-১০ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন। সূত্র: আরটিভি

[৭] এদিকে, ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫৬ কেন্দ্রে এক হাজার ৫৬৩টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে ভোটের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা। সূত্র: বাংলা ট্রিবিউন  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া